এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এছাড়া, তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
এতে উল্লেখ করা হয়েছে, ১১ সেপ্টেম্বর রিট আবেদনকারী আইনজীবী মো. রুকুনুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়ে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও অন্যান্য ব্যবসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা ও দায়সহ বিভিন্ন তথ্য সরবরাহের অনুরোধ করেছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আইনসচিব, দুদক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে নোটিশটি পাঠানো হয়।
